শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মননের চতুর্মাসিক
বোধন গদ্যসংখ্যা; বর্ষ ১ ॥ সংখ্যা ২ ॥ ভাদ্র ১৪৩০, আগষ্ট ২০২৩;
ISBN: 978-984-35-4922-8
সম্পাদকীয়
অমিয়শব্দ ‘বাহে’র শিল্পিত অগ্রমুখ বোধন গদ্যসংখ্যা। মুখ ও মুখোশের ভিড়ে হারাতে থাকা জৌলুশ পুড়তে পুড়তে ফিকে হওয়া সকাল উদ্ভাস হয় প্রজন্মের দীপ্ত উচ্ছ্বাসে। ভেদ হয় কুয়াশামাখা মুখ, বেরিয়ে আসে সত্যের প্রতিভাত প্রভাস। আমরা হাপিতেশ করতে করতেই সাহসে বল পাই, পায়ের গোড়া শক্ত হয়, আর তখনই নবতর সৃষ্টিসুখে প্রজন্ম মুখ হয়ে ওঠে জাতিস্বরের অনন্য মডেল। জাতি পায় সঞ্জিবনী শক্তি, আমরা খুঁজে নেই নতুন যৌবন, নবতর সাহসি পদচিহ্ন। যেন বিউগল থেকে, যেন ছাইয়ের শরীর থেকে টেনে বের করে আনে দেশমুখ আর নিজেও হয়ে যান উজ্জ্বল জনাতিক দেশনায়ক। আমরা পাই আলোর দিশা-পাই সামনে এগুনোর মন্ত্রণা। এখানেই মুখ থেকে হাজারো মুখের চেতনাগত মহানায়ক হন দেশমুখনায়ক। তুলে নেন হাতে অগ্রগামী চেতনগড়ের জিয়নকাঠি। এভাবেই জনাংশের জনাতিক হয়ে জন্ম হলো বাহে’র ২য় সংখ্যা দুঃখের নহর থেকে।
একটি সম্মৃদ্ধ সংকলনের প্রচেস্টা থেকেই এই প্রয়াস। শতচেস্টা থাকা সত্ত্বেও সম্পাদনায় ভূল-ত্রূটি দৃশ্যমান, যা মার্জনীয়। বিশুদ্ধ, মানবিক ও মহান মুক্তিযুদ্ধের চেতনাগত সমাজ বিনির্মাণের পথে যুক্ত থাকতেই যুথবদ্ধ বাহে’ আলোকনের পর বাহে’ বোধনের আবির্ভাব। জ্ঞানভিত্তিক সৃজন ক্ষমতার প্রকাশ ও উন্মেষে সমন্বিত চিরায়ত বাঙালি-বাংলাভাষা সাহিত্য ও সাংস্কৃতিক গবেষণা’র মাধ্যমে মানবিক উন্নয়নে নিয়ত নিবিষ্ট ‘বাহে’ পরিবার। এ আদর্শ থেকেই মননের ধলপ্রহরে বাহের বোধন গদ্যসংখ্যায় স্থান পেয়েছে বাঙালির মানস রবীন্দ্র-নজরুল বিষয়ক পাঠ, শতবর্ষী কালজয়ী কবিতাপাঠ, চিরায়ত মনিষায় বাংলা সাহিত্যের যুগপাঠ, স্থানীয় লোকসাহিত্যের ইতিহাস-ঐতিহ্য অন্বেষা, সৃষ্টিসুখে সৃৃজন মননে কবিপাঠ; চিরায়ত নাট্য-নাট্যকল্প, গদ্যকবিতা, গ্রন্থপাঠ ও সম্প্রতিককালের কবিতার গতিপ্রকৃতি- বাঁকবদলসহ নন্দনপাঠ এবং কবিতায় পাঠ-প্রতিপাঠে দেশমুখপাঠ। গদ্যসংখ্যার চারিত্র্যিক কারণে এ সংখ্যায় সম্মৃদ্ধ গল্প সমূহকে স্থান দেওয়া হলো না। যা ‘বাহে গল্প সংখ্যা’র জন্য তুলে রাখা হলো।
‘বাহে’ সময়েই লেখাকে মূল্যায়ণ করার ধারণা পোষণ করে; লেখকের বয়স কিংবা প্রচলিত কাল বিভাজনে লেখাসমূহকে না সাজিয়ে পাঠকের উপরেই লেখার মানের হিসেব ছেড়ে দিয়ে যতটা সম্ভব লেখকের সৃষ্ট বাক্যরীতি ও বানানরীতিকেই গ্রহণের চেস্টা করা হয়েছে। এ সংখ্যায় কলেবরের কারণে অনেক সম্মৃদ্ধ লেখাকে স্থান দেওয়া সম্ভব হলো না। পরের সংখ্যার জন্য সেইসব লেখাকে সংরক্ষণ করা হলো।
বাহে’ র বোধন অভিযাত্রায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ‘বাহে’ বোধন গদ্যসংখ্যা একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হলেই এ শ্রম সার্থক।

